২৭ জুলাই ২০১৩ - ১৯:৩০
লিবিয়ার জেল ভেঙে পালিয়েছে অন্তত ১,০০০ কয়েদি

লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজির একটি কারাগার থেকে এক হাজারেরও বেশি কয়েদি পালিয়ে গেছে।

বার্তা সংস্থা আবনা : লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজির একটি কারাগার থেকে এক হাজারেরও বেশি কয়েদি পালিয়ে গেছে। একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, জেলের ভেতরে দাঙ্গার পাশাপাশি বাইরে থেকে সমন্বিত হামলার মাধ্যমে কয়েদিদের পালিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করে দুর্বৃত্তরা।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানিয়েছেন, “আল-কুইফিয়া জেলখানায় শনিবার বিকেলে দাঙ্গা হয়। সেইসঙ্গে বাইরে থেকে হামলা চালায় দুর্বৃত্তরা। এ অবস্থায় কারারক্ষীরা অসহায় হয়ে পড়ে এবং সেই ফাকে অন্তত ১,০০০ বন্দি পালিয়ে যায়। বাকি বন্দিদের পালিয়ে যাওয়া রোধ করতে বিশেষ বাহিনী তলব করা হয়েছে, তবে কাউকে গুলি করার অনুমতি দেয়া হয়নি।”

তিনি জানিয়েছেন, পালিয়ে যাওয়া বেশিরভাগ বন্দি সাধারণ আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত। এদের মধ্যে আফ্রিকার অন্যান্য দেশের কিছু নাগরিকও রয়েছে। সেইসঙ্গে বেশ কয়েকজন ছিল সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফিকে সহযোগিতার দায়ে অভিযুক্ত।

লিবিয়ার ওই নিরাপত্তা কর্মকর্তা জানান, পালিয়ে যাওয়ার পরপরই তল্লাশি অভিযানের মাধ্যমে বেশ কয়েকজনকে আবার আটক করা হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী আলী জেইদান কারাগার ভেঙে পলায়নের খবর নিশ্চিত করলেও পালিয়ে যাওয়া কয়েদিদের কোনো সংখ্যা তিনি উল্লেখ করেননি।

জেইদান জানান, জেলখানাটির আশপাশের অধিবাসীরা কয়েদিদের পালিয়ে যেতে সহযোগিতা করেছেন কারণ, তারা ওই এলাকায় কোনো জেলখানা রাখতে চান না। লিবিয়ার প্রধানমন্ত্রী আরো জানান, সীমান্তবর্তী চেকপোস্টগুলোতে পালিয়ে যাওয়া কয়েদিদের পরিচয় তুলে ধরে তাদের আটকে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।